পটিয়ায় খাদ্যে বিষক্রিয়া, ২৬ জন গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের সদস্য ও তাদের আত্মীয়স্বজনসহ ২৬ জন অসুস্থ হয়েছে। ২২ জন গতকাল বুধবার সকালে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে আটজন শিশু। ঘটনাটি ঘটেছে পটিয়ার কচুয়াই, শ্রীমাই ও খরনা এলাকায়।

কচুয়াই গ্রামের আবুল হোসেন জানান, গত মঙ্গলবার রাতে খরনা গ্রাম থেকে তাঁর বোন শামসুর নাহার তাঁদের বাড়িসহ আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে মধুভাত রান্না করে পাঠান। তাঁর পরিবারের সদস্যসহ সব আত্মীয়, যারা মধুভাত খেয়েছে, তাদের বমি ও পাতলা পায়খানা শুরু হয়।

আবুল হোসেন বলেন, অসুস্থ হওয়ার পর বোনের পরিবারসহ বিভিন্ন আত্মীয়ের পরিবারের আটজন শিশুসহ ২২ জনকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তা শিশির কুমার রায় বলেন, মধুভাতে বিষক্রিয়া হওয়ায় ওগুলো খাওয়ার পর তাদের বমি ও ডায়রিয়া হয়েছে।