পটিয়ায় 'স্বামীর নির্যাতনে' গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় স্বামীর নির্যাতনে সুমী আকতার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোরে পটিয়া পৌরসভার কাগজীপাড়ায় এই ঘটনা ঘটে। সুমী আকতার পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের বেলাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সুমী ও তাঁর স্বামী দুজনই দিনমজুরের কাজ করেন। প্রতিদিন স্বামীর আগে সুমী কাজ করার উদ্দেশে কাগজীপাড়ার ভাড়া বাসা থেকে বের হন। গতকাল তাঁকে বের হতে না দেখে পাশের বাসায় থাকা তাঁর বড় বোন খোঁজ করতে যান। এ সময় কোনো সাড়াশব্দ না দেখে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তিনি সুমিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে লাশটি সুমির বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি থানায় নিয়ে আসে।
সুমীর মা ছালেমা খাতুন বলেন, ১০ মাস আগে সুমীর সঙ্গে বেলালের বিয়ে হয়। বেলাল এর আগে আরও দুটি বিয়ে করে। ইদানীং বেলাল আগের স্ত্রীর সঙ্গে মুঠেফোনে আলাপ করত। কিন্তু সুমী তা পছন্দ করত না। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বেলাল নির্যাতন করে সুমীকে হত্যা করে লাশটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল আলম বলেন, ঘটনার পর থেকে বেলাল পলাতক। ধারণা করা হচ্ছে, নির্যাতনে মারা যাওয়ায় আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য সুমীর লাশ আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।