মিনার সহপাঠীরা বিদ্যালয় মাঠে হই-হুল্লোড় করে বেড়ায়। খেলতে ইচ্ছা করে তারও। কিন্তু মিনা যে নিরুপায়! ১৩ বছর হতে না হতেই সে মা হতে চলেছে...
পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে মিনা। এখন বার্ষিক পরীক্ষা চলছে। গত শনিবার পরীক্ষার পর কথা হয় তার সঙ্গে। সে জানায়, সাত মাস আগে বিয়ে হয়েছে তার।
মিনার স্বামী ওসমান আহমেদ বলেন, ‘সপ্তম শ্রেণিতে পড়লেও দেখতে তাকে (মিনা) বড় দেখায়। তাই বিয়ে করেছি। সে লেখাপড়ায়ও ভালো নয়।’
একই স্কুলের দশম শ্রেণির ছাত্রী আয়েশা ছিদ্দিকার বিয়ে হয়েছে কয়েক মাস আগে। তার বাবা আবু ছিদ্দিক বলেন, ‘আমি অসুস্থ মানুষ। তাই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। ছেলে দুবাই থাকে।’
দশম শ্রেণির সিমপিয়া দে বিয়ের পর লেখাপড়া ছেড়ে দিয়েছে। তার বাবা সন্তোষ দে বলেন, ‘ভালো ছেলে পাওয়ায় বিয়ে দিয়েছি। মেয়ে লেখাপড়ায় অত ভালো ছিল না।’
শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে বিদ্যালয়ের সাত ছাত্রীর বিয়ে হয়েছে। প্রধান শিক্ষক শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘বিয়ের পর বেশির ভাগ ছাত্রী স্কুলে আসে না। এলেও সমস্যা। কারণ, একই বয়সের অন্তঃসত্ত্বা সহপাঠীকে দেখলে অন্য ছাত্রীদের মনোজগতে বিরূপ প্রভাব পড়বে।’
মিনা, আয়েশার মতো পটিয়ার আটটি বিদ্যালয়ের অন্তত ৫২ জন ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে গত এক বছরে। এদের বেশির ভাগের লেখাপড়া এখন বন্ধ।
গত শুক্রবার ভাটিখাইন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ঊর্মি আক্তারের বিয়ে হওয়ার কথা ছিল। উপজেলা প্রশাসন তা বন্ধ করার উদ্যোগ নেয়। স্থানীয় ইউপি সদস্য আবদুল জলিল বিয়ের পক্ষে মত দেন। তবে শেষ পর্যন্ত বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়।
জানতে চাইলে আবদুল জলিল বলেন, ‘তারা গরিব মানুষ। তাই বিয়ের পক্ষে কথা বলছিলাম।’
আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভিন বলেন, ‘এখানে প্রচুর বাল্যবিবাহ হচ্ছে। নিম্ন আয়ের লোকজনের মধ্যে এই প্রবণতা বেশি। আমরা খবর পেলে বিয়ে বন্ধ করি।’ তিনি বলেন, ‘কিছু জনপ্রতিনিধি ভোটের রাজনীতির কারণে বাল্যবিবাহের পক্ষ নিচ্ছে। বাল্যবিবাহ ঠেকাতে ২৪টি স্কুলে সভা করেছি।’
পটিয়ার কেলিশহর উচ্চবিদ্যালয়ে গত এক বছরে ২০ ছাত্রীর বিয়ে হয়েছে বলে জানালেন শিক্ষকেরা।
প্রধান শিক্ষক অরুণ কুমার মিত্র বলেন, ‘আমাদের অগোচরে বেশির ভাগ বিয়ে হয়। বিয়ের পর আর স্কুলে আসে না।’
এই বিদ্যালয়ের ছাত্রী সনি সেনের বিয়ে হয়েছে ২০১৩ সালে। সে এখন ক্লাস করে না। তার স্বামী অশোক দে বলেন, ‘আমার স্ত্রী দশম শ্রেণিতে পড়ে। বয়স খুব কম নয়।’
বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা সংগঠন লাভ দ্য চিলড্রেনের নির্বাহী পংকজ চক্রবর্তী বলেন, ‘সনির বিয়ে ঠেকানোর জন্য ম্যাজিস্ট্রেট পর্যন্ত গিয়েছিল। কিন্তু এক জনপ্রতিনিধির বাধায় বিয়ে বন্ধ করা যায়নি।’
ষষ্ঠ শ্রেণির ছাত্রী আয়েশা বেগমের বিয়ের কথা চলছে। আয়েশার মা জুলেখা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই বিয়ে দিচ্ছি।’
শাহমির উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির পাঁচ ছাত্রীর বিয়ে হয়েছে গত এক বছরে। তাদের কেউ এখন বিদ্যালয়ে আসে না বলে জানালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আফসার আমিরী।
শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৈড়লা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির পাঁচজন ও নবম শ্রেণির দুই ছাত্রীর বিয়ে হয়েছে গত এক বছরে। একই সময়ে ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের দুজন, ডাউরডেঙ্গা সারদাচরণ উচ্চবিদ্যালয় পাঁচজন, হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের ছয়জন ছাত্রীর বিয়ে হয়েছে।
বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক শাহানারা চৌধুরী বলেন, ‘শিশু অবস্থায় একটি মেয়ে অন্তঃসত্ত্বা হলে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। অপরিপূর্ণ ঝুঁকিপূর্ণ জন্মদান হবে। অনেক সময় মা ও নবজাতকের মৃত্যু হতে পারে।’