পটিয়া ক্লাবের নির্বাচন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আজ শুক্রবার বিকেল চারটায় শুরু হয়েছে। রাত নয়টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে একটানা ভোট গ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চূড়ান্ত তালিকায় প্রকাশিত ক্লাবের মোট ভোটার হচ্ছে ৫০৩ জন। এর মধ্যে ৩৫০ জন আজীবন ও ১৫৩ জন সাধারণ সদস্য। ক্লাবের পরিচয়পত্র দেখিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন।

ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী, কার্যকরী কমিটির ১৯টি পদের মধ্যে সভাপতি ও একজন সদস্য ছাড়া বাকি দুজন সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, পাঠাগার সম্পাদক ও ছয়জন কার্যকরী সদস্যসহ ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তবে ইতিমধ্যে ছয়টি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, পদাধিকার বলে কার্যকরী কমিটির সভাপতি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতজন কার্যকরী সদস্যের মধ্যে একজন মনোনীত সদস্য হচ্ছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাই ওই দুটি পদে নির্বাচন হচ্ছে না।