পটিয়া থেকে ছিনতাই করা মাইক্রোবাস বিক্রির চেষ্টা, গ্রেপ্তার আট
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় চালক কাসেম আলীকে হত্যা করে ছিনতাই করা মাইক্রোবাসটি বিক্রির চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজারের ইয়াছিন, খালেদ, আবদুর রশিদ, রশিদ আহম্মেদ, সালাহউদ্দিন, হানিফ, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোজাম্মেল হক ওরফে ইকবাল ও বাঁশখালী উপজেলার জসিম উদ্দিন ওরফে শাহিন পটিয়া থানার পুলিশ জানায়, ছিনতাই হওয়া নোয়া মাইক্রোবাসটি গত মঙ্গলবার সকালে ঢাকার উত্তরায় বিক্রির চেষ্টাকালে তাঁদের তথ্যের ভিত্তিতে খালেদ ও শাহিনকে মাইক্রোবাসসহ গ্রেপ্তার করেন উত্তরা থানার পুলিশ ও র্যাব-১-এর সদস্যরা। পরে ওই দুজনের তথ্যের ভিত্তিতে পটিয়া থানার পুলিশ ওই দিন বিকেলে চট্টগ্রাম থেকে তিনজন ও গভীর রাতে কক্সবাজার থেকে অন্য তিনজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াছিন, খালেদ, দুই রশিদ ও সালাহউদ্দিন আরও পাঁচ-ছয়জন সহযোগীসহ ২০ এপ্রিল রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম বিমানবন্দরে যাওয়ার কথা বলে ওই মাইক্রোবাস ভাড়া করেন। পথে তাঁরা চালক কাসেমকে হত্যা করে লাশ পটিয়ার মনসার টেক এলাকায় ফেলে দিয়ে মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যান। পরে ওই রাতেই তাঁরা মাইক্রোবাসটি বিক্রির জন্য হানিফ ও ইকবালকে বুঝিয়ে দেন।