পটিয়া সরকারি কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান বলেছেন, ‘শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের ভালোভাবে পড়ান আর শিক্ষার্থীরা যদি নিয়মিত পড়ালেখা করে, তাহলে তারা পরীক্ষায় প্রথম শ্রেণি পাবে না কেন?’ তিনি বলেন, ভবিষ্যতের জন্য সুশিক্ষিত, দক্ষ ও দৃঢ় মনোবলসম্পন্ন জাতি তৈরি করার লক্ষ্যে সবাইকে কাজ করে যেতে হবে। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক গোলাম ফারুক। বক্তব্য দেন পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ সজল কান্তি পাল, কলেজশিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল আউয়াল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মফিজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক সামশুন নাহার খানম ও প্রভাষক সাদিয়া রিফাত কোরাইশী।
কলেজের জরাজীর্ণ মিলনায়তন দেখে এস এম ওয়াহিদুজ্জামান বলেন, ভালো পরিবেশে সবাই ভালো করেন, কিন্তু বিরূপ পরিবেশে কতজন ভালো করে? এ ধরনের পরিবেশে যারা ভালো ফলাফল অর্জন করছে, তাদের সালাম ও অভিনন্দন।
অনুষ্ঠানে ২৯৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।