পটিয়া স্বাস্থ্যকেন্দ্রে সেবা দেন হাতুড়ে চিকিৎসক!
শুক্রবার সকাল ১০টা। পটিয়ার ৫০ শয্যার হাসপাতালে তখনো কোনো চিকিৎসক পৌঁছাননি। রোগীরা চেয়ে আছেন কখন চিকিৎসক আসবেন। তবে তখন শানু আক্তার নামের বহিরাগত এক হাতুড়ে চিকিৎসক রোগীদের ইনজেকশনসহ অন্যান্য চিকিৎসা দিচ্ছিলেন। বেলা ১১টায়ও কোনো চিকিৎসক হাসপাতালে পৌঁছাননি। ৫০ শয্যাবিশিষ্ট পটিয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের এই চিত্র রোগীদের পাশাপাশি দেখেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব। তিনি শুক্রবার আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যসেবার এই বেহাল চিত্র দেখতে পান।হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন হলেও একজন চিকিৎসকের সকাল আটটা থেকে হাসপাতালে থাকার কথা। বৃহস্পতিবার রাতে যে চিকিৎসকের দায়িত্ব ছিল, তিনিও চলে যান সকাল সাড়ে আটটায়। এরপর চিকিৎসকশূন্য হয়ে পড়ে হাসপাতাল। তখন এখানে চিকিৎসাধীন ছিল ৬৫ জন রোগী। এ সময় শানু নামের বহিরাগত এক নারী রোগীদের দেখভাল করছিলেন।জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘শুক্রবার কেমন সেবা চলে দেখতে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলাম। কিন্তু কোনো চিকিৎসককে পাইনি। রোগীরা হাহাকার করছে। সাড়ে ১১টার আগে কোনো চিকিৎসক হাসপাতালে যান না। ডাক্তার না থাকলেও শানু আক্তার নামের এক বহিরাগত সেখানে চিকিৎসা দিচ্ছিলেন। আমাকে দেখে তিনি পালিয়ে যান।’সিভিল সার্জন সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। তখন পর্যন্ত কোনো চিকিৎসক হাসপাতালে আসেননি। সিভিল সার্জন ইউনিয়নের এক চিকিৎসককে ডেকে হাসপাতালে রোগীদের সেবায় তাৎক্ষণিকভাবে নিয়োজিত করেন। সিভিল সার্জন চলে যাওয়ার পর বেলা সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা সাদিয়া হাসপাতালে পৌঁছান। কর্তব্যে অবহেলার জন্য ফাতেমা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দুলাল প্রসাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।সরেজমিনে দেখা গেছে, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জনের চিকিৎসক পদ রয়েছে। তার মধ্যে পাঁচজন কনসালট্যান্টসহ পাঁচটি পদ খালি রয়েছে। টিএইচএফপি দুলাল ভট্টাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনিও নিয়মিত হাসপাতালে আসতে পারেন না। ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসকেরা কারও কথা কেউ শোনেন না বলে অভিযোগ। নিজেদের ইচ্ছা অনুযায়ী তাঁরা আসেন ও যান বলে রোগীদের অভিযোগ। চিকিৎসকদের অনুপস্থিতির সুযোগে শানু আক্তারের মতো বহিরাগতরা এসে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। শানু এই কাজের জন্য রোগীদের কাছ থেকে টাকাপয়সা পান বলেও অভিযোগ রয়েছে। তিন বছর ধরে শানু এই হাসপাতালে সাংসদের সুপারিশে কাজ করছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে কোনো চিকিৎসক হাসপাতালে ছিলেন না স্বীকার করে স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘শানু সাংসদের সুপারিশে তিন বছর ধরে কাজ করছেন। মাঝে একবার আমরা বের করে দিয়েছিলাম। পরে তিনি আবার কাউকে ধরে এসে এখানে আসতে থাকেন।’সিভিল সার্জন শুক্রবার দোহাজারী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালও পরিদর্শন করেন। কিন্তু সেখানে চিকিৎসক উপস্থিতি সন্তোষজনক ছিল।