পটিয়ার ইউএনওকে বিবাদী করে দায়ের করা মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ।অর্থ আত্মসাতের অভিযোগে পটিয়ার বাসিন্দা মো. জিয়াউল হক গতকাল মঙ্গলবার মাসুদ পারভেজের আদালতে মামলাটি করেন। মামলায় ইউএনও আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, পটিয়ার চরলক্ষা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ও স্থানীয় ইউপি সদস্য আমীর আহমদকে বিবাদী করা হয়। আদালত সূত্র জানায়, বাদী জিয়াউল হক দণ্ডবিধির ৪০৮, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি করেন। বিবাদীদের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে এবং কাজ না করে ৪৭ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগ করেন বাদি জিয়াউল। মামলার আর্জিতে বলা হয়, সোনালী ব্যাংকের পটিয়া শাখার ১৭২৮ নম্বর হিসাব থেকে টাকাগুলো আত্মসাৎ করা হয়। এ ধরনের অভিযোগে মামলা করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বলে আদালত মন্তব্য করেন। তাই শুনানির পর আদালত বিবাদীদের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেন।আদালত বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়।