পটিয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চায় ইসলামী ফ্রন্ট
চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ফ্রন্টের নেতারা এই দাবি করেন। এ ছাড়া ১৬ থেকে ১৮ মে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ।
গত ১০ মে বিকেলে পটিয়ার শান্তিরহাটে ওয়াজ মাহফিল ডাকে মুজাহিদ কমিটি। এই মাহফিল বানচাল করাকে কেন্দ্র করে আগের দিন বিকেলে শান্তিরহাটে পুলিশের সঙ্গে ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়।
গতকালের সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শান্তিরহাটে মাহফিল করার জন্য মঞ্চ তৈরি করা হলে ৮ মে দিবাগত রাতে পুলিশের সহযোগিতায় মুজাহিদ কমিটি ইসলামী ফ্রন্টের মঞ্চ ভেঙে দেয়। এরপর ৯ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত যান ইসলামী ফ্রন্ট শান্তিরহাট শাখার সাধারণ সম্পাদক জামাল আহম্মদ। আদালত শান্তিরহাটে কোনো ধরনের কর্মসূচি পালন থেকে বিরত রাখার আদেশ দেন। কিন্তু পুলিশ প্রশাসন তা কার্যকর করতে পদক্ষেপ নেয়নি। এ কারণে ৯ মে অবাঞ্ছিত ঘটনা ঘটে, যার দায় পুলিশ প্রশাসনের। যেহেতু ঘটনার সঙ্গে পুলিশ জড়িত তাই বিচার বিভাগীয় কিংবা অন্য কোনো সরকারি সংস্থা দিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৯ মে অবাঞ্ছিত ঘটনার জের ধরে পুলিশ ইসলামী ফ্রন্টের নেতা-কর্মীদের বাড়িঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে।