
চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা সড়কে ১৭টি দরজি দোকান রয়েছে। প্রায় সব দোকানেই সারা বছর ভিড় থাকে ক্রেতাদের। বেশির ভাগ দোকানেই রয়েছে অত্যাধুনিক সেলাই যন্ত্র। তবে এসব দোকানে অন্য কোনো পোশাক নয়, কেবল পাঞ্জাবিই সেলাই হয়। আর এখানে পাঞ্জাবি সেলাই করাতে সারা দেশ থেকেই আসে লোকজন।
পটিয়ার জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা সড়কের দরজি দোকানের সেলাই করা পাঞ্জাবির খ্যাতি এখন দেশের সীমানা ছাড়িয়েছে। এখানকার কারিগরেরা দেশি, ভারতীয়, আফগান বা আরবি—যেকোনো ডিজাইনের পাঞ্জাবি তৈরি করতে পারেন। বছরের পর বছর পাঞ্জাবি সেলাই করে দক্ষ হয়ে উঠেছেন তাঁরা।
১৩ জুন বিকেল সাড়ে চারটায় মাদ্রাসা সড়কে গিয়ে দেখা যায়, প্রতিটি দরজি দোকানেই ক্রেতাদের ভিড়। ঈদের আর কয়েক সপ্তাহ বাকি থাকলেও পাঞ্জাবি সেলাই শুরু হয়েছে এর মধ্যেই। এই এলাকার চারটি দোকানে বিক্রি হচ্ছে কেবল পাঞ্জাবির কাপড়। সেসব দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে।
দরজি দোকানের কারিগরেরা বলেন, ঈদ আসায় পাঞ্জাবির চাহিদা বাড়ছে। স্বাভাবিক সময়য়ের তুলনায় তিন-চার ঘণ্টা বেশি কাজ করতে হচ্ছে তাঁদের। আর কয়েক দিন পর রাতেও কাজ হবে। ক্রেতাদের চাহিদা মেটাতে তাঁরা পাঞ্জাবিতে এমব্রয়ডারি করছেন বলে জানান। এ ছাড়া আরবের জোব্বা, কাবুলি পোশাক ও দেশীয় ঐতিহ্যবাহী ডিজাইনের পাঞ্জাবিও বানিয়ে দিচ্ছেন তাঁরা। পাঞ্জাবিভেদে সেলাইয়ের খরচ নেওয়া হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকা।
কয়েকটি দোকানের কারিগরেরা জানান, পটিয়া ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা থেকেও পাঞ্জাবি বানাতে লোকজন এখানে আসেন। এ ছাড়া সৌদি আরব, দুবাই, আমেরিকা, জাপানসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা দেশে এলে এখান থেকে পাঞ্জাবি বানিয়ে নিয়ে যান। পাশাপাশি জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র–শিক্ষকেরাও এখান থেকে পাঞ্জাবি সেলাই করেন। এ কারণে ব্যস্ততা থাকে সারা বছরই।
নিউ আল-আরব টেইলার্সের মালিক মাহফুজুল হক বলেন, ‘১৫ বছর ধরে আমরা পাঞ্জাবি সেলাইয়ের কাজ করছি। ক্রেতারা যেভাবে বলে সেই ডিজাইনেই পাঞ্জাবি বানিয়ে দিতে পারি আমরা। এ জন্যই লোকজনের কাছে এই দরজিপাড়ার কদরও আছে। প্রতিবছর দুবাই, সৌদি আরব, বাহারাইন, কাতারসহ মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীরা এখান থেকে অর্ডার দিয়ে পাঞ্জাবি সেলাই করে নেন।’
দরজিপাড়ায় পাঞ্জাবি সেলাই করতে আসা আবুল কাসেম নামের এক প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি বলেন, ১০ বছর ধরেই এই পাড়া থেকে পাঞ্জাবি সেলাই করছেন। এখানকার পাঞ্জাবির সেলাই নিখুঁত হয়, পরেও আরাম।