পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, গভীর নলকূপ স্থাপন করে পানি উত্তোলনের মাধ্যমে আশপাশের এলাকায় পানির সংকট সৃষ্টি এবং খাল ও নদীতে কারখানার বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করার কারণে হাইকোর্টের আদেশে চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ও হুলাইন গ্রামের সাতটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর।
এ সময় তিনটি কাগজকল সিলগালা এবং চারটি কারখানার পানি উত্তোলন পাম্প সিলগালা করে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পটিয়ার উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ঋতিক চৌধুরী ও হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর সূত্রে জানায়, পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের আটটি শিল্পকারখানা পরিবেশ দূষণ করার অভিযোগে বেলার পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে এ অভিযান চালানো হয়।