পটিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় জড়িত চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের লড়িহরা গ্রামে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টার পর তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ বলেছে, ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গিয়ে তাঁদের হামলায় দুই পুলিশসহ পাঁচজন আহত হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ হুলাইন গ্রামের বাসিন্দা মিজান (২০), মোস্তাফিজ উদ্দিন (২৩) ও মহিউদ্দিন (২৯) এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৮)। হামলায় আহত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ ইব্রাহিম এবং স্থানীয় বাসিন্দা আলী আজগর (২২), আবদুল আজিজ (২০) ও মোয়াজ্জেম হোসেন (২৪)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ইকবাল নামের এক অটোরিকশাচালক পটিয়া থানার মোড় থেকে যাত্রী নিয়ে লড়িহরা গ্রামে যান। যাত্রী নামিয়ে পটিয়ায় ফেরার পথে ছয়-সাতজন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁকে লড়িহরা স্কুলের পেছনে নিয়ে যান। একপর্যায়ে তাঁরা তাঁর অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাঁর চিৎকারে কয়েকজন নারী এগিয়ে এসে অটোরিকশাটি আটকে দেন। লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতা মোস্তাফিজ ও জাহিদ নামের দুজনকে আটক করে। পুলিশ এসে তাঁদের কাছ থেকে অন্য ছিনতাইকারীদের নাম ও সম্ভাব্য অবস্থান জেনে তাঁদের ধরতে যায়। এ সময় ছিনতাইকারী দলের নেতা আব্বাস উদ্দিন (২৫) ও তাঁর সহযোগী শিবলু (২২) পুলিশের ওপর হামলা চালান এবং পালিয়ে যেতে সক্ষম হন। তবে অপর দুই ছিনতাইকারী মিজান ও মহিউদ্দিনকে আটক করে পুলিশ।অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, এ ঘটনায় দুটি মামলা হয়েছে।