পটিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা দুজনকে গণপিটুনি
চট্টগ্রামের পটিয়ায় গত বুধবার রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দুই যুবককে পিটুনি দেয়। পরে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, আটক আসিফ হাসান (২০) ও সাজু দে (২৩) পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আসিফ পৌর এলাকার বাসিন্দা। আর সাজুর বাড়ি সুচক্রদণ্ডী গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, বোয়ালখালীর আহলা দরবার শরিফে যাওয়ার কথা বলে তিনজন লোক গত বুধবার বিকেল চারটার দিকে পটিয়ার মইজ্জ্যারটেক এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া করে। সেখান থেকে একই অটোরিকশায় করে ফেরার পথে তাঁরা চালক ফরিদ আহমদের কাছে থেকে জোর করে গাড়ির চাবি নিয়ে নেন। চালককে পেছনে বসিয়ে তাঁরা অটোরিকশা চালিয়ে খানমোহনা এলাকায় আসেন। একপর্যায়ে চালক আরেকটি গাড়ি দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয়। এ সময় অপর ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হন।গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানান, তাঁদের অপর সহযোগী শরাফত হোসেন পালিয়ে গেছে। সে উপজেলার ডেঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।পটিয়া থানার উপপরিদর্শক মুনির আহমদ জানান, এ ব্যাপারে চালক বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।