পটিয়ায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গ্রেপ্তার ৫
চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা ইউনিয়নে জমি নিয়ে বিরোধ ও আসামি ধরাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িসহ তিনটি বাড়ি ও একটি দোকানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে।সংঘর্ষ ও হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নাজিম উদ্দিন, ইয়াছিন আরাফাত, আবুল বশর, মো. টুটুল ও সোলায়মান। সংঘর্ষকালে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।স্থানীয় সূত্রে জানা যায়, শিকলবাহা ইউনিয়নের মাষ্টারহাট এলাকায় সোনা মিয়া ও তাঁর শ্যালক ওসমান গণির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম সোনা মিয়ার ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ওসমান গণির পক্ষ নেন। এই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের সমর্থকেরা আবুল কালামের বাড়িতে হামলা চালায়। এর আগে একটি ডাকাতির মামলার আসামি ও আবুল কালামের সমর্থক আবদুস শুক্কুরকেও তারা মারধর করে। পরে আবদুস শুক্কুরকে গ্রেপ্তার করে পুলিশ। আবুল কালামের বাড়িতে হামলা ও শুক্কুরকে গ্রেপ্তার করা নিয়ে পরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলমগীর, ইব্রাহিম, আবুল হাসেম, নুর মোহাম্মদ প্রমুখ।আবুল কালাম জানান, জাহাঙ্গীর আলমের সমর্থকেরা তাঁর বাড়ি এবং সোনা মিয়ার দুটি বাড়ি ও একটি দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়েছে। এ সময় তাঁর সঙ্গে দেখা করতে আসা লোকজনের পাঁচটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করে তারা। সোনা মিয়ার ছেলে হাছান মুরাদ জানান, জাহাঙ্গীর আলমের সমর্থকেরা তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর শেষে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় বাবাসহ তাঁর পরিবারের লোকজনকে তারা মারধর করে। জাহাঙ্গীর আলম বলেন, ‘আবুল কালামের সমর্থকেরা আমার ওপর হামলা করতে এসে আমার ভাই হাসেমকে মারধর ও জখম করে। এ অবস্থায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়িঘরে ওই হামলা চালায়। তবে লুটপাটের অভিযোগ সঠিক নয়।’ এ ঘটনায় পটিয়া থানায় আবুল কালাম ও নগরের কর্ণফুলী থানায় সোনা মিয়ার ছেলে ইব্রাহিম ফারুক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ছবুর প্রথম আলোকে বলেন, জমি নিয়ে বিরোধ ও কোলাগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল আলমের বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি আবদুস শুক্কুরকে গ্রেপ্তারের মারামারি ও এসব ঘটনা ঘটেছে।