পটিয়ায় এক ব্যক্তি খুন তিন ছেলে আটক
চট্টগ্রামের পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামে গতকাল বুধবার ইদ্রিচ মিয়া (৬৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর তিন ছেলে জাহাঙ্গীর আলম (৩২), আবদুল হাকিম (২৮) ও সৈয়দ নুরকে (২২) গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির স্বজন ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে জমির বিরোধ নিয়ে ইদ্রিচ মিয়ার সঙ্গে তাঁর প্রথম সংসারের ছেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিন ছেলে প্রথমে বাবার গলা টিপে ধরেন। পরে এলোপাতাড়ি লাথি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তিন ছেলেকে ধরে পুলিশে সোপর্দ করে। ইদ্রিচ মিয়ার ভাগনে আইয়ুব খান (২৭) ও আলী আকবর (২৮) জানান, ইদ্রিচ মিয়ার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর সংসারে রয়েছে সাত ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় স্ত্রীর সংসারে রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে। প্রথম স্ত্রী স্বামীর বাড়িতে থাকলেও পারিবারিক বিরোধের কারণে দ্বিতীয় স্ত্রী থাকেন তাঁর বাবার বাড়িতে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ইদ্রিচ মিয়াকে তাঁর তিন ছেলে শ্বাসরোধ করে ও লাথি মেরে হত্যা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন সন্তানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।