পটিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও পূর্বাঞ্চলের পাহাড়ে গতকাল শুক্রবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম মিনু আকতার (৪০)। তিনি হাইদগাঁও গ্রামের লেদু মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, লেদু মিয়া অসুস্থ থাকায় তাঁর স্ত্রী মিনু দীর্ঘদিন ধরে পূর্বাঞ্চলের পাহাড় থেকে শুকনো লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে সংসার চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল সকাল সাতটার দিকে মিনু বাড়ি থেকে তিন কিলোমিটার দূরের ওই পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যান। সেখানে তিনি স্থানীয় সৈয়দ মিয়ার বাগান থেকে লাকড়ি সংগ্রহ করতে গেলে সৈয়দ মিয়ার ভগ্নিপতি নুর মিয়া (৫৫) বাধা দেন। বিষয়টি নিয়ে বাদানুবাদের একপর্যায়ে নূর মিয়া মিনুকে পিটিয়ে আহত করেন। মিনুর আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে নুর মিয়া পালিয়ে যান। মিনুকে গুরুতর অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়। লেদু মিয়া (৬০) প্রথম আলোকে জানান, তিনি প্রায় অন্ধ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। সংসারে চার ছেলেমেয়ে রয়েছে। মিনুই সংসার চালাতেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।