পটিয়ায় ঘর ও খড়ের গাদায় অগ্নিসংযোগ
চট্টগ্রামের পটিয়ায় হিন্দুধর্মাবলম্বীদের একটি ঘর ও তিনটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে পটিয়ার ভাটিখাইন ইউনিয়নে কয়েকটি পাড়ায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী জানান, বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলা পরিষদের নির্বাচন শেষ হওয়ার পর পর রাতে পর্যায়ক্রমে দুর্বৃত্তরা ভাটিখাইন গ্রামে একটি রান্নাঘর ও কয়েকটি খড়ের গাদায় আগুন দেয়। রাত নয়টায় সুনীল ঘোষের, রাত সাড়ে নয়টায় বাদল দে, রাত একটার দিকে নির্মল সিংহের রান্নাঘর, রাত ১২টার দিকে নারায়ণ দের খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয় ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম কুমার দে বলেন, শত্রুতামূলক কেউ এ কাজ করেছে।
৮ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন কান্তি দে বলেন, মদ্যপায়ীদের গ্রেপ্তার করা হলে এই ধরনের ঘটনার রহস্য বের হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, একই রাতে পর পর চারটি ঘটনায় স্থানীয় গ্রামবাসী ধারণা করছে, নির্বাচনের পর প্রতিহিংসাপরায়ণ হয়ে এ ধরনের ঘটনা ঘটাতে পারে।