পটিয়ায় চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে গত শুক্রবার স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর রাতেই পটিয়া পৌর এলাকার সাইফুদ্দিন ভোলা নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন। এতে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী (গ্রেপ্তার রয়েছেন), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রতন চৌধুরী, কার্ডিওগ্রাফার সুদর্শনা দেসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে জানা যায়, গত শুক্রবার দুপুর ২টা ১৫মিনিটে বাদী জরুরি বিভাগে একটি টিকিট নিতে গেলে বিপ্লব চৌধুরী সরকার-নির্ধারিত তিন টাকার স্থলে ২০ টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদকে মুঠোফোনে জানানো হলে তিনি বেলা দুইটা ৪৫মিনিটে হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় চিকিৎসা নিতে আসা আরও একাধিক রোগী বেশি ফি নেওয়ার বিষয়ে সাংসদের কাছে অভিযোগ জানান। তখন সাংসদের কাছে বিপ্লব অভিযোগের সত্যতা স্বীকারও করেন। এ সময়ে অভিযোগকারীদের দেওয়া তথ্য নিয়ে সাংসদ একটি কক্ষ থেকে দুই লাখ ৫০ হাজার টাকার ওষুধ উদ্ধার করেন। এগুলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও আবাসিক মেডিকেল অফিসারদের নির্দেশ ও তাঁদের যোগসাজশে রাখেন বলে বিপ্লব জানান। হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আবু তৈয়ব ও চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) সালাউদ্দিন মাহমুদের নেতৃত্বে চার সদস্যের একটি দল হাসপাতাল সরেজমিনে তদন্তে আসে।