পটিয়ায় ছয় ডাকাত গ্রেপ্তার গুলিসহ দুই বন্দুক উদ্ধার
চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ১৬ ও ১৭ জুলাই রাতে পটিয়া থানার একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সর্দার আবদুল্লাহসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আবদুল্লাহসহ দুই ডাকাতকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তিনটি গুলিসহ দুটি একনালা বন্দুক উদ্ধার করেছে। এ ব্যাপারে চার ডাকাত পটিয়ার হাইদগাঁও গ্রামে সংঘটিত ডাকাতিসহ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের ডাকাতসর্দার আবদুল্লাহ প্রকাশ আবদুর নুর (২৮), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজারপাড়া গ্রামের সরোয়ার প্রকাশ ধৈর্য (৩৬), বাঁশখালী উপজেলার পশ্চিম কাহার ঘোনার মো. আরিফ (২৮), একই উপজেলার চাপাছড়ি গ্রামের মো. আকতার হোসেন (৩৮), কক্সবাজার জেলার মাঝের দিয়া গ্রামের আমির হোসেন প্রকাশ কাশেম (৩৫) ও বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের আবিদুর রহমান প্রকাশ চুমক্যা প্রকাশ চুমকুইজ্যা (৩৬)।