পটিয়ায় টিআরের অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) গম বরাদ্দে অনিয়মের অভিযোগের সরেজমিন তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার প্রধান তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দলটি বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে।তদন্ত দল পটিয়ার ধলঘাট, কেলিশহর, শোভনদণ্ডী ও আশিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, ক্লাব ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নামে বরাদ্দ করা টিআরের গম পেয়েছে কি না খতিয়ে দেখে। তারা এসব বিষয়ে সংগঠন-সংশ্লিষ্ট ও স্থানীয় বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে। দক্ষিণ কেলিশহরে অস্তিত্ববিহীন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নামে টিআর বরাদ্দ দেওয়া হলেও তদন্তকারী দল এ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি বলে জানা গেছে।প্রসঙ্গত, গত ১১ নভেম্বর প্রথম আলোতে ‘পটিয়ায় টিআর বিতরণে ত্রিমুখী প্রতারণা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গত ২ জানুয়ারি দুদক থেকে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।