পটিয়ায় ট্রেনের ধাক্কায় উল্টে গেল ট্রাক

চট্টগ্রামের পটিয়ায় দোহাজারী গামী ১১১ নম্বার যাত্রীবাহী আপ ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লেগে ট্রাকটি উল্টে গেছে। ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে সামান্য কাত হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকের পটিয়া চক্রশালা এলাকার গিরিশ চৌধুরী বাজার এলাকায়।
রেলওয়ে সূত্রে জানায়, ট্রেনের চালক জসিম উদ্দিন (৩৭) সামান্য আহত হয়েছেন।
রেলওয়ে সূত্রে জানায়, পাঁচটি যাত্রীবাহী বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশে ছাড়ে সন্ধ্যা ছয়টার দিকে। পটিয়া রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে দোহাজারীর দিকে যাওয়ার সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে পটিয়া গিরিশ চৌধুরী বাজার এলাকায় পৌঁছায়। এ সময় বালিভর্তি একটি ট্রাক রেললাইন পার হচ্ছিল। ট্রেনের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগলে ট্রাকটি উল্টে যায়। ট্রেনের ইঞ্জিনটিও লাইনচ্যুত হয়।
দোহাজারী রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাষ্টার কাঞ্চন ভট্টচার্য বলেন, বৃহষ্পতিবার হওয়ায় ট্রেনে অন্যদিনের চেয়ে যাত্রী সংখ্যা বেশি ছিল। দুর্ঘটনার পর যাত্রীরা দুর্ভোগে পড়ে।
রেলওয়ে পৃবাঞ্চলীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, ট্রেনটি চট্টগ্রাম থেকে দোহাজারী যাওয়ার পথে পটিয়ার চক্রশালা এলাকায় অননুমোদিত লেবেল ক্রসিংয়ের উপর বালিভর্তি ট্রাকটি বিকল হয়ে যায়। ট্রেনের ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে।