পটিয়ায় ডিও গ্রুপের অবৈধ ভবন নির্মাণ কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে সরকারবিরোধীয় ভূমিতে পটিয়া থানার মোড়ে ডিও গ্রুপের অবৈধ ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নানের নির্দেশে পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) শাহাজাহান আলী খান এ নির্মাণকাজ বন্ধ করে দেন। ওই সময় নির্মাণকাজের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ভূমি অফিস সূত্রে জানা গেছে, পটিয়া থানার মোড়ে সরকারি ভূমিতে অবৈধভাবে ডেভেলপার কোম্পানি ডিও গ্রুপ ‘ডিও পটিয়া ক্রাউন সেন্টার’ নির্মাণকাজ শুরু করে। জেলা পরিষদের জায়গা ছাড়াও বিএস ৩৮৬৪ নম্বর দাগের ১৩ শতকের মধ্যে সরকারি সাড়ে ছয় শতক ভূমিসহ দখল করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা করলে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে পটিয়ার সহকারী কমিশনার বাদী হয়ে আবদুল খালেকের ওয়ারিশদের বিরুদ্ধে গত জুন মাসে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। ওই মামলায় বাদী বিরোধীয় ভূমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে আদালতের কাছে নিষেধাজ্ঞার প্রার্থনা করলে আদালত গত ২০ জুন বিরোধীয় ভূমির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু তার পরও কয়েক দিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান সড়কের উত্তর পাশে ডিও গ্রুপ চারদিকে ঘেরাও দিয়ে সেখানে রাত-দিন পুরোদমে নির্মাণকাজ চালিয়ে আসছিল। খবর পেয়ে গতকাল শনিবার জেলা প্রশাসক আবদুল মান্নান দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া সহকারী কমিশনারকে নির্দেশ দিলে তিনি পটিয়া থানার পুলিশ নিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন। শাহাজাহান আলী খান প্রথম আলোকে বলেন, ডিও গ্রুপ অবৈধভাবে ভবন নির্মাণ করায় জেলা প্রশাসকের নির্দেশে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।