পটিয়ায় তথ্য মেলা শুরু
‘তথ্যই শক্তি, জানব, জানাব, দুর্নীতি রুখব’—এ স্লোগানে গতকাল সোমবার চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে দুদিনব্যাপী তথ্য মেলা।
পটিয়া ক্লাবের মুক্তমঞ্চে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
তথ্য মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক ও প্রধান আলোচক ছিলেন পটিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নুরুল আফছার।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সনাকের সদস্য শেখর নাথ। বক্তব্য দেন সাংবাদিক আবদুর রাজ্জাক।
আলোচনা সভার আগে পটিয়া ক্লাব থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।