পটিয়ায় দুই ইউপি সদস্য বরখাস্ত
চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতীকে হেনস্তার অভিযোগে দুই ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন আলমদার ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহানুর তুষার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৪ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ছনহরা ইউপি সদস্য নাছির উদ্দিন আলমদার ও শাহানুর তুষারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ইউপি চেয়ারম্যান। তাঁর কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরসহ বিভিন্ন অভিযোগ আনেন তিনি। তদন্তে অভিযোগ প্রমাণ হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এ দুই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের জন্য প্রজ্ঞাপন জারি করেছে।
চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী বলেন, গত ২৬ মে দুই ইউপি সদস্য তাঁর কক্ষে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় তিনি এবং আরও আটজন ইউপি সদস্য ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন।
পটিয়ার ইউএনও আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বরখাস্তের কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো তাঁর কাছে চিঠি আসেনি।
ইউপি সদস্য শাহানুর তুষার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ওই দিন একটি প্রকল্পের সভাপতির পদ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে নাছির উদ্দিন আলমদারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যান নাছিরকে ধাক্কা দেন। ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় নাছির চেয়ারম্যানের পাঞ্জাবি ধরে ফেলেন। তখন দুজনেই মেঝেতে পড়ে যান। তখন আমি তাঁদের টেনে তোলার চেষ্টা করি।’