পটিয়ায় দুই কারখানার অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়ায় চট্টগ্রামের পটিয়া উপজেলার মনসার টেক এলাকায় দুটি কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা দুটির মধ্যে একটি নামবিহীন অ্যালুমিনিয়াম উৎপাদন কারখানা এবং ফুলমেলা নামের একটি বেকারি।
গতকাল বুধবার পটিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক হাসান সোহরাবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী গ্যাসের ব্যবস্থাপক হাসান সোহরাব প্রথম আলোকে বলেন, পটিয়া উপজেলার গ্যাসের মূল বিতরণ লাইন থেকে চুরি করে মাটির নিচ দিয়ে লাইন টেনে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল অ্যালুমিনিয়াম কারখানাটি। একই লাইনে গ্যাস ব্যবহার করছিল ফুলমেলা বেকারিও। প্রতি মাসে তারা কমপক্ষে ছয় থেকে সাত লাখ টাকার গ্যাস চুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।
হাসান সোহরাব জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য ফুলমেলা বেকারির কারখানার গ্যাস-সংযোগ এর আগেও দুবার বিচ্ছিন্ন করা হয়েছে। তবে অ্যালুমিনিয়াম কারখানাটির খোঁজ এবারই পাওয়া গেছে। সবচেয়ে বেশি গ্যাস চুরি করেছে এ কারখানাটি। অভিযানের সময় কারখানা দুটির লোকজন পালিয়ে যান। কারখানার বিরুদ্ধে মামলা করা হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ আদায় করা হবে।