চট্টগ্রামের পটিয়ার ছনহরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গত রোববার রাতে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ জুন ছনহারা ইউপির নির্বাচন হবে। রোববার রাতে উত্তর ছনহরা গ্রামে একে অন্যের বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রশিদ ও কামাল উদ্দিনের প্রায় দুই হাজার সমর্থক সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এ সময় একটি দোকান ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২ জনকে গ্রেপ্তার করে।গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউপি নির্বাচনের সমন্বয়কারী পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন গ্রেপ্তার ব্যক্তিদের দুই হাজার টাকা করে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেন।চেয়ারম্যান পদপ্রার্থী কামাল অভিযোগ করেন, ‘রাতে গণসংযোগ করে রশিদ আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে হুমকি দেন। আমার সমর্থকের একটি দোকান ভাঙচুর করে তাঁর সমর্থকেরা।’রশিদ পাল্টা অভিযোগ করেন, ‘কামালের সমর্থকেরা আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালিয়েছে। কামাল এখন আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরে ওই এলাকায় আর কোনো সহিংস ঘটনা ঘটলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।