পটিয়ায় দুই ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার মনসা বাদমতল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই ছিনতাইকারীকে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে। ওই দুই ছিনতাইকারী হলেন পটিয়ার মেলঘর গ্রামের মৃত মনির আহমদের ছেলে মোহামঞ্চদ মহিম (২৮) ও নাইখাইন গ্রামের আহমদ হোসেনের ছেলে করিম উদ্দিন (২৪)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পটিয়ার কোলাগাঁও গ্রামের প্রবাসী মফিজুর রহমান ও তাঁর বন্ধু শাকিল পটিয়া সদরের একটি ব্যাংক থেকে এক লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পটিয়া বাদামতল এলাকায় পেছন থেকে আরেকটি অটোরিকশাযোগে পাঁচ-ছয়জনের একটি দল তাঁদের গাড়িটির গতিরোধ করে দুজনকে মারধর করতে থাকে। এ সময় মফিজুর রহমানের পকেট থেকে টাকাগুলো ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় মফিজুরের চিৎকারে স্থানীয় শতাধিক গ্রামবাসী এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরলেও অন্য চার ছিনতাইকারী পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে স্থানীয় জনতার হাত থেকে দুই ছিনতাইকারীসহ টাকাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।পটিয়া থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন বলেন, এ ব্যাপারে মফিজুর রহমান বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন। তবে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।