পটিয়ায় দুই প্রার্থীকে জরিমানা
চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারকাজ চালানোর অভিযোগে এক চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা হওয়া দুই প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তিমির বরণ চৌধুরী ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম।
দুই প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাচন আচরণবিধির তদারকির দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের নির্বাহী হাকিম গৌতম বাড়ৈই ।
জানা গেছে, পটিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী তিমির বরণ চৌধুরী চিকিৎসক না হয়েও পোস্টারে তাঁর নামের আগে ডা. ব্যবহার করায় কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম পোস্টারসহ বিভিন্ন প্রচার মাধ্যমে পটিয়া উপজেলা চেয়ারম্যান ইদ্রিচ মিয়ার নাম ব্যবহার করায় বিএনপি-সমর্থক ভাইস চেয়ারম্যান প্রার্থী মোজামেঞ্চল হক সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন।