পটিয়ায় দুই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর দুটি নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।
গত বৃহস্পতিবার খরনা ইউনিয়নের রেলস্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের কারণে ক্যাম্প দুটির আংশিক পুড়ে যায়।
খরনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার চৌধুরী বলেন, ‘আমাদের প্রার্থী সামশুল হক চৌধুরীর ব্যাপক জনসমর্থন দেখে দলের বিবদমান একটি গ্রুপ ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে।’
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অগ্নিসংযোগের জন্য প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের দায়ী করেন। তবে আওয়ামী লীগের নেতা গোলাম সরওয়ার তা অস্বীকার বলেন, একই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটাতে পারে। পটিয়া থানার ওসি মফিজ উদ্দীনেরও ধারণা একই দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটাতে পারে। তিনি বলেন, যারা অগ্নিসংযোগ করেছে, তারাই আবার নিভিয়ে ফেলেছে বলে তাঁরা ধারণা করছেন।