পটিয়ায় দুই বিহার ও এক মন্দিরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর ঘটনার পর চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইনিয়নের দুটি বৌদ্ধবিহার ও একটি মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা।গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে কোলাগাঁও ও লাখেরা গ্রামের দুটি বৌদ্ধবিহারে এবং সনাতন ধর্মাবলম্বীদের একটি দুর্গামন্দিরে অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। এ সময় সাত-আটটি বাড়িও ভাঙচুর করা হয়। আহত হয় পুলিশসহ সাত-আটজন।এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে বিকেলে পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখে ২৬ জন শ্রমিককে গ্রেপ্তার করেছি। মামলারও প্রস্তুতি চলছে।’ বিধ্বস্ত মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত জনতার বিক্ষোভের মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীরা অবিলম্বে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানায়। স্থানীয় জাহাজনির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানা থেকে বের হয়ে মন্দির ভাঙচুর করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। পরে তাঁদের সঙ্গে স্থানীয় কিছু দুষ্কৃতকারী যোগ দেয়। সাংসদ ও পুলিশের সদস্যরা এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।অভিযোগ প্রসঙ্গে ওয়েস্টার্ন মেরিনের পরিচালক (কারিগরি) আরিফুর রহমান খান বলেন, ‘যদি এখানকার কেউ জড়িত থাকে, তা হলে আমরা অবশ্যই প্রশাসনকে এ বিষয়ে সহায়তা দেব।’ তিনি বলেন, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারও উসকানিতে বের হয়ে থাকতে পারেন।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ বলেন, দুপুর ১২টার দিকে ওয়েস্টার্ন মেরিনের কিছু শ্রমিক কর্তৃপক্ষের বাধা উপেক্ষা করে লাঠিসোঁটা নিয়ে লাখেরা অভয় বৌদ্ধবিহারে হামলা চালান। পরে তাঁরা কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গাবাড়ি ও একই এলাকার রত্নাঙ্কর বৌদ্ধবিহারে হামলা চালান।প্রত্যক্ষদর্শী বিকাশ বড়ুয়া বলেন, ‘দুপুর ১২টার দিকে কিছু লোকজনকে লাখেরা বিদ্যালয়ের দিকে আসতে দেখি। এর আগে আমাদের শিপইয়ার্ড থেকে জানানো হয় যে কিছু শ্রমিক লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে। তারা প্রথমে মন্দিরে পাহারারত পুলিশের বাধার মুখে পড়ে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে প্রায় ৫০০ লোক লাখেরা বৌদ্ধবিহারে ঢুকে পড়ে।’সরেজমিনে গিয়ে দেখা গেছে, অভয় বৌদ্ধবিহারের কলাপসিবল গেট ও কাঠের দরজা ভেঙে চুরমার করা হয়েছে। বিহারটির চারটি শাখা মন্দিরের ছয়টি বৌদ্ধমূর্তি ভেঙে ফেলা হয়েছে। তছনছ করা হয়েছে আসবাবপত্র। কিছু আসবাবে আগুন জ্বলতেও দেখা গেছে।বিহারের সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া অভিযোগ করে বলেন, ‘আমাদের কয়েকটি পিতলের মূর্তি, বড় মূর্তির গায়ের স্বর্ণের হার ও দানবাক্স লুট করা হয়। ছয়টি ঘরও ভাঙচুর করা হয়।’স্থানীয় লোকজন জানান, লাখেরা অভয় বৌদ্ধবিহারের পর হামলাকারীরা হেঁটে আধা কিলোমিটার দূরের কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গাবাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা আসন্ন দুর্গাপূজার জন্য তৈরি করা প্রতিমা ভেঙে ফেলে। পরে মন্দিরের আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।দুষ্কৃতকারীরা এরপর সেখান থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত কোলাগাঁও রত্নাঙ্কর বৌদ্ধবিহারে হামলা চালায়। রামুর ঘটনার পর এসব বিহার ও মন্দিরে পুলিশ মোতায়েন ছিল। ওখানে দায়িত্ব পালন করছিলেন উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘এখানে হাজার খানেক লোক মন্দিরের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ভাঙচুর চালায়। তারা মূর্তি ভাঙচুর করে। আমরা বাধা দিলে আমাদের মারধর শুরু করে।’বিক্ষোভের মুখে সাংসদ: ঘটনার পরপর স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় লাখেরা অভয় বৌদ্ধবিহার ও দুর্গাবাড়িতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। দুর্গাবাড়িতে গিয়ে সাংসদ বলেন, ‘এ ঘটনার পেছনে ইন্ধন রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই হামলা হয়েছে। আমি আপনাদের মন্দির সংস্কার ও পূজার মূর্তি বানানোর জন্য এক লাখ টাকা দেব।’সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ লোকজন টাকা লাগবে না বলে হইচই করে ওঠে। তারা পূজা করবে না বলেও জানায়।বৈঠক: সাংসদ সামশুল হক চৌধুরী পরে ওয়েস্টার্ন মেরিনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তখন উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সাংসদ প্রথম আলোকে বলেন, ওয়েস্টার্ন মেরিনের কিছু শ্রমিক একটি গেট ভেঙে বের হয়ে গিয়ে এ ঘটনা ঘটান। বৈঠকে তাঁরা বলেছেন, ভিডিও ফুটেজ দেখে ওই সব শ্রমিককে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।সাংসদ চলে যাওয়ার পর পুলিশ ভিডিও ফুটেজ দেখে ২৬ জন শ্রমিককে গ্রেপ্তার করে। প্রতিষ্ঠানটিতে তিন হাজার শ্রমিক কাজ করেন। অধিকাংশই স্থানীয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জনিয়েছে, এসব শ্রমিক তাঁদের নিজস্ব নয়, ঠিকাদারের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে কাজ করেন।