পটিয়ায় দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় টেম্পো উল্টে চালক ও যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন টেম্পোচালক তারেকুর রহমান (১৮) ও যাত্রী জনাবা খাতুন (৬০)। তারেক পটিয়া পৌর এলাকার আহমদ নুরের ছেলে। জনাবা খাতুন উপজেলার চরলক্ষ্যার ইউনিয়নের কামাল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে যাত্রীবাহী টেম্পোটি চট্টগ্রাম যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চালক এবং জনাবা খাতুনকে কলেজ বাজার ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে।