পটিয়ায় দুর্ঘটনায় তিন শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় তিন শিশু আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিন শিশু আল্লাই-ওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এ বিদ্যালয়টি।
পুলিশ জানায়, আহত শিশুদের মধ্যে প্রথম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া তৃতীয় শ্রেণির ছাত্র তৌহিদুল ইসলাম ও প্রথম শ্রেণির ছাত্র মোহাম্মদ মিনহাজকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরী বলেন, জোবায়েরের ডান পা ভেঙে গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মেহেরুনেচ্ছা বেগম বলেন, গতকাল দুপুরে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ওই তিনজনও মহাসড়ক পার হচ্ছিল। তখনই হঠাৎ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, দ্রুতগতির একটি মাইক্রোবাস বিদ্যালয়ের সামনে ওই তিন শিশুকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালক মোহাম্মদ ফারুক ও গাড়িটি আটক করা হয়েছে।