পটিয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নের গৈড়লা ঘোষের হাট এলাকায় গত রোববার দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় রহম আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
রহম আলীর বাড়ি বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামে। তিনি গৈড়লা ঘোষের হাটে তাঁর মামা মোরশেদ আলমের মুদি দোকানে রাতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত প্রায় দুইটার দিকে গৈড়লা ঘোষের হাট এলাকার এক মুদি দোকানি প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠার পর তাঁর এবং মোরশেদের দোকানের দরজা খোলা দেখতে পান। ওই সময় তিনি মোরশেদের ভাগনে রহম আলীর গোঙানির শব্দ শুনে এগিয়ে গিয়ে তাঁকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পান। পরে ওই দোকানদারের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে রহম আলীকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে রহম আলী মারা যান।
ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান তাজুর মুল্লক বলেন, রহম আলী ১০ বছর ধরে গৈড়লায় তাঁর মামার বাড়িতে থেকে রিকশা চালাতেন। চোখে কম দেখার কারণে তিনি রিকশা চালানো বন্ধ করে দেন। কয়েক বছর ধরে তিনি রাতে তাঁর মামা মোরশেদের মুদি দোকানে থাকতেন।
পটিয়া থানার ওসি মফিজ উদ্দিন বলেন, রাতে দুর্বৃত্তরা হয়তো চুরি করতে ওই দোকানে ঢুকেছিল। কিন্তু রহম আলী দুর্বৃত্তদের চিনে ফেলায় কিংবা প্রতিবাদ করায় তারা তাঁকে কুপিয়ে চলে যায় বলে তাঁর ধারণা।