পটিয়ায় নারী কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গতকাল বৃহস্পতিবার ইশরাত জাহান (২০) নামের এক নারী পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
ইশরাত জাহানের বাড়ি পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদারপাড়া গ্রামে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইশরাত জাহান তিন-চার মাস ধরে মানসিক রোগে ভুগছিলেন। ১৫ দিন আগে তিনি ছুটি নিয়ে বাড়ি আসেন। মানসিক রোগের কারণে তিনি প্রায়ই এদিক-সেদিক ছোটাছুটি করতেন।
ুলিশ জানায়, গতকাল দুপুরে বাড়ির দোতলা পাকা ভবনের রেলিংবিহীন ছাদে ঘোরাঘুরি করতে গিয়ে তিনি নিচে পড়ে যান। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আলমাস হোসেন বলেন, বাড়ির ছাদ থেকে পড়ে ইশরাতের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর গলায় দাগ দেখা গেছে। এ কারণে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য ইশরাতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশ জানায়, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।