পটিয়ায় নির্বাচনী প্রচারণাকালে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩
চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ফকিরনীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র জানায়, জুলধা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান রফিক আহমেদ ও সাবেক চেয়ারম্যান নুরুল হকের সমর্থকদের মধ্যে গতকাল বিকেল চারটায় নির্বাচনী প্রচারণা নিয়ে সংঘর্ষ হয়। নুরুল হক অভিযোগ করেন, ‘ফকিরনীর হাট এলাকায় প্রচারণা চালানোর সময় রফিক আহমেদের লোকজন আমাদের ওপর হামলা চালায় ও আমাদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।’রফিক আহমদ জানান, ফকিরনীর হাট এলাকার একটি রেস্তোরাঁয় বসে থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন এসে তাঁকে লাঞ্ছিত করলে তাঁর সমর্থকেরা প্রতিবাদ করেন। সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আরেফিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।