পটিয়ায় পরিবহনশ্রমিকদের বিজিবির মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় গতকাল মঙ্গলবার সকালে পরিবহনশ্রমিকদের মারধরের জের ধরে বিজিবি ও শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে ছয়জন আহত হন। এ ঘটনা চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক আধা ঘণ্টা বন্ধ ছিল। বিজিবির গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগলে এ ঘটনার সূত্রপাত হয়।
আহত ব্যক্তিরা হলেন ইউনিক পরিবহন নামে বাসের চালক মহিবুর রহমান (৫০), সহযোগী আইনাল হক (২৫), মিজানুর রহমান (২৫), টেম্পোচালক ফয়েজুর রহমান (২৫), বাসচালক আবুল কালাম (৪৫) ও রুবেল (২৮)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড় এলাকায় বান্দরবানগামী একটি ইউনিক যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবির গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিজিবি সদস্যরা ইউনিকের গাড়িটি পটিয়া বাসস্টেশন এলাকায় থামিয়ে চালক মহিবুর রহমান, সহকারী আইনাল হক ও সুপারভাইজার মিজানকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
এ সময় আইনালকে পিটিয়ে ও লাথি মেরে রক্তাক্ত জখম করে অজ্ঞান অবস্থায় বিজিবির গাড়িতে তোলা হয়। এতে স্থানীয় শ্রমিক-জনতা উত্তেজিত হয়ে বিজিবির গাড়িটি ঘেরাও করে তাদের ওপর মারমুখী হয়ে ওঠেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, বিজিবির গাড়ির সঙ্গে বাসের ধাক্কা লেগে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর পরিবহনশ্রমিকদের সঙ্গে বিজিবির বৈঠকে সমঝোতা হয়। এ ঘটনায় বিজিবি দুঃখ প্রকাশ করেছে।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পটিয়া এসে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক করে। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, বিজিবির আইন মোতাবেক তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় আহত ব্যক্তিদের চিকিৎসার খরচসহ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।