পটিয়ায় পাহাড়-গাছ নিধন চলছেই, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহরে প্রায় দেড় মাস ধরে পাহাড় ও গাছ নিধন চললেও প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই। পটিয়া মডেল টাউন করার জন্য শামীম রিয়েল এস্টেট নামের একটি প্রতিষ্ঠান কেলিশহরের খিল্লাপাড়া পাহাড়ি এলাকায় স্ক্যাবেটর দিয়ে এই পাহাড় কাটছে। একই সঙ্গে পাহাড়সংলগ্ন জমিতে গড়ে তোলা হচ্ছে ইটভাটা। কেলিশহরের আবাসন নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘পটিয়ায় আবাসন প্রকল্পের জন্য উজাড় পাহাড়-গাছ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। এরপর পরিবেশ অধিদপ্তরের লোকজন পাহাড় কাটার স্থানটি পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা নেয়নি। অধিদপ্তরের পরিদর্শক হারুন উর রশীদ বলেন, ‘আমরা দু-একদিনের মধ্যে আবার পরিদর্শনে যাব। তখন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হায়াত মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরীসহ পুলিশ গাছ ও পাহাড় কাটার স্থানটি পরিদর্শন করে কিছু সরঞ্জাম জব্দ করেছিল। দুই দিন পর থেকে শামীম রিয়েল এস্টেটের লোকজন আবার কাজ শুরু করে। উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের দোহাই দিয়ে এখন চুপ করে আছে। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন প্রথম আলোকে জানান, ‘প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের দুই কর্মকর্তা ওই এলাকা পরিদর্শন করেছেন। তাঁরা ব্যবস্থা নেবেন।’গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাহাড়ের টিলার ওপরের অংশ কেটে প্রায় সমান করা হয়েছে। ইট পোড়ানোর জন্য ইটের ভাটা প্রস্তুত করা হচ্ছে। এর আগে পার্শ্ববর্তী টিলার কিছু অংশ কাটা হয়েছিল।সেখানে কর্মরত শ্রমিকেরা জানান, দুটি স্কেবেটর দিয়ে পাহাড় কাটা হচ্ছে। ইট পোড়ানোর জন্য চুল্লিও তৈরি হয়ে গেছে। কয়েক দিনের মধ্যে ইট পোড়ানোর কাজ শুরু হবে।