প্রতিবন্ধীদের জন্য থেরাপি-সেবা, কম্পিউটার ও ব্রেইল প্রশিক্ষণ, কারিগরি ও হস্তশিল্প প্রশিক্ষণ, কাউন্সেলিংসহ বিভিন্ন সেবা নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার খানমোহনা গেটঘর এলাকায় নওজোয়ান ডিজঅ্যাবিলিটি রিসোর্স সেন্টারের (ডিআরসি) নতুন যাত্রা শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে ডিআরসির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত তামেশু সিনোসুকা। উদ্বোধনী বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, প্রতিবন্ধী এই রিসোর্স সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার হলো। বিভিন্ন সুযোগ-সুবিধা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে আর্থসামাজিক উন্নয়নে এটি বিরাট ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় ৫৮ লাখ টাকা অনুদান দিয়েছে জাপান। নওজোয়ানের প্রতিষ্ঠাতা সদস্য মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হোসেন, সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, সিআরপির সমন্বয়ক ভ্যালরি এ টেইলর, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের প্রধান নির্বাহী মেঘনা গুহঠাকুরতা, এ কে খান ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মোর্তাজা রাফি খান, নওজোয়ানের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী প্রমুখ।উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ান জাপান সরকার এবং জনগণের আর্থিক অনুদানে এ বছরের জুলাই মাস থেকে ১৫ জন কর্মী নিয়ে প্রতিবন্ধীদের সেবা দিতে এ রিসোর্স সেন্টারটি পরিচালনা করে আসছে। বর্তমানে এই সেন্টারে প্রতিবন্ধী শিশু-কিশোর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত ৩০০ জন ব্যক্তি বিভিন্ন সেবা নিচ্ছে।