পটিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে সভা
চট্টগ্রামের পটিয়া পৌর এলাকার পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ের নাম পরিবর্তন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কাউন্সিলর গোফরান রানা ও ইয়াছমিন আক্তার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিন।
প্রধান শিক্ষক বলেন, ‘পটিয়া সদরের বাইরের পাঁচ ইউনিয়ন নিয়ে হচ্ছে পশ্চিম পটিয়া। কিন্তু আমাদের বিদ্যালয়টি পটিয়া সদরে হলেও বিদ্যালয়টির নামের আগে পশ্চিম পটিয়া শব্দ থাকায় বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়।’ তাই পশ্চিম পটিয়া শব্দটি বাদ দিয়ে যৌক্তিক নাম রাখা দরকার বলে মন্তব্য করেন তিনি।
সভায় অভিভাবক ও এলাকাবাসীর মতামতের ভিক্তিতে পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থলে পটিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম রাখার সিদ্ধান্ত হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন গাজী লোকমান, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, রশিদ এনাম, জসিম উদ্দিন প্রমুখ।