পটিয়ায় প্রীতিলতা সড়কের নামফলক উদ্বোধন
যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের প্রজ্ঞাপনের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়ায় পটিয়া-বোয়ালখালী সড়কটি ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতার নামে নামকরণ করে ফলক উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার পটিয়া ক্লাবের মোড়ে এই নামফলক উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। এ সময় সাংসদ বলেন, এই ধরনের একজন মহান বিপ্লবীর নামে সড়কের নামকরণ হওয়ায় মানুষ যুগে যুগে তাঁকে সঞ্চরণ করার সুযোগ পাবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, পটিয়া পৌরসভার মেয়র হারুনর রশিদ, পটিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতা দেবব্রত দাশ, পটিয়া উপজেলা শাখার সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, সওজের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোছলেহ উদ্দিন চৌধুরী, ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালামত উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা শ্যামল দে, বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী, পটিয়া ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।