পটিয়ায় ফুটবল লিগ ১৬ এপ্রিল থেকে শুরু
ছয় বছর পর পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে ফুটবল লিগ। ১৬ এপ্রিল মাঠে গড়াচ্ছে লিগের খেলা।
ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত লিগে ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে বাছাইপর্ব। এরপর ২৩ এপ্রিল থেকে শুরু হবে চূড়ান্তপর্ব। এতে খেলবে ছয়টি দল। পাঁচটি দল চূড়ান্ত হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, আবাহনী ক্রীড়া চক্র, আবদুস ছোবহান ফুটবল লিগ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কালারপুল ক্রীড়া সংস্থা। আরেকটি দলকে যুক্ত করা হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, প্রতিটি দলে বাইরের চারজন খেলোয়াড় খেলতে পারবেন। ইতিমধ্যে তালিকাভুক্ত দলগুলো খেলোয়াড় বাছাই ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছে।
উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ সাইফুল ইসলাম খেলাধুলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অনেক অর্জন রয়েছে উল্লেখ করে বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা লিগে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার দল ২০১০ সালে তৃতীয় থেকে দ্বিতীয়, ২০১২ সালে দ্বিতীয় থেকে প্রথম বিভাগে এবং ২০১৪ সালে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়। ফলে ২০১৫ সালে সারা দেশের উপজেলার মধ্যে একমাত্র পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার কাজী মো. আকতার হোসেন বলেন, দীর্ঘদিন পর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে লিগ খেলা শুরু করার উদ্যোগ নেওয়ার খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। খেলার জন্য আমাদের দলকে গুছিয়ে নিয়েছি। এখন প্রতিদিন চলছে অনুশীলন।
ক্রীড়া সংস্থা সূত্র জানায়, উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম ফুটবল লিগ হয় ২০০৮ ও দ্বিতীয় ফুটবল লিগ অনুষ্ঠিত হয় ২০১০ সালে। এরপর ২০১৬ সালে এসে আবার লিগ হচ্ছে।