পটিয়ায় ফুটির দাম নিয়ে বিতণ্ডা, পিটিয়ে বিক্রেতাকে হত্যা
ফুটির দরদাম নিয়ে বিক্রেতার সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল ক্রেতার। দুজনের মধ্যে তুমুল তর্কাতর্কির একপর্যায়ে ক্রেতা গাছের ডাল দিয়ে পিটিয়ে ফুটি বিক্রেতা আবদুল কুদ্দুছকে (৪০) গুরুতর জখম করেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গতকাল রোববার সকালে চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ হাইদগাঁও এলাকার মিয়ার পুকুরপাড়ে ঘটনাটি ঘটে। ফুটি বিক্রেতা আবদুল কুদ্দুছের বাড়ি দক্ষিণ হাইদগাঁও এলাকায়। এ ঘটনার পর থেকে ক্রেতা মো. মনসুর পলাতক রয়েছেন। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) রশীদ আহমদ জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে আবদুল কুদ্দুছ পুকুরপাড়ে ফুটি বিক্রি করছিলেন। এ সময় মনসুর এসে ফুটির দাম জিজ্ঞাস করলে কুদ্দুছ তাঁকে দাম বলেন। এর পরই ‘এত বেশি দাম কেন’ বলে ক্ষিপ্ত হয়ে যান মনসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনসুর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে কুদ্দুছকে বেধড়ক পেটান। পরে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় আবদুল কুদ্দুছের স্ত্রী রূপবান আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন।