পটিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপে পূর্ব জিরি আমানিয়া ও বঙ্গমাতায় বেলমুড়ি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল। একই সঙ্গে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গত ২৭ আগস্ট দুপুরে এই দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। অনুষ্ঠানে অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, পৌরসভার মেয়র হারুনুর রশিদ, পটিয়া সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ উল্লাহ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ দুপুরে দুই পর্বে দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে চক্রশালা মাতঙ্গিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে টুর্নামেন্টের সেরা হয় পূর্ব জিরি আমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উল্লেখ্য, গত এপ্রিল মাসে শুরু হওয়া টুর্নামেন্ট দুটির খেলা অনুষ্ঠিত হয় উপজেলার ২৩টি মাঠে। ১৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এই দুই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।