পটিয়ায় বাইপাস সড়কের নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ইন্দ্রপুল এলাকায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। বাইপাস সড়ক চালু হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত হবে। ভোগান্তি কমবে যাত্রীদের।

এখন চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে হলে পটিয়া শহরের ওপর দিয়ে যেতে হয়। বাইপাস সড়ক চালু হলে পটিয়া শহরে না ঢুকেই বিকল্প পথে যেতে পারবে গাড়ি।

পটিয়া সদর উপজেলার ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে প্রায় ৬২ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল মিয়া। তিনি বলেন, সড়কের নির্মাণকাজ শেষ হতে ১৮ মাস লাগবে।

বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ। পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিধান চন্দ্র দে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম প্রমুখ।