পটিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু, আহত ৮
চট্টগ্রামের পটিয়া উপজেলার ফাজিল খাঁর হাটে পিএবি সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। তিনজন নারীসহ আহত হয়েছেন আরও অন্তত আটজন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফাজিল খাঁর হাট ঈদগাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, নিহত হওয়া দুজন হলেন জাহেদা বেগম (৩৫) ও তাঁর মেয়ে শাহনুর (৪)। তাঁরা দুজনেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। জাহেদার স্বামীর নাম জসিম উদ্দিন। তাঁদের বাড়ি পশ্চিম পটিয়ার ভেল্লাপাড়া এলাকায়। আহত হওয়া আটজন হলেন: খদিজা বেগম, আনোয়ার, হাসিনা বেগম, ফারুক, নাছির, শফি, প্রিয়াঙ্কা ও অজ্ঞাতপরিচয় এক শিশু। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশির ভাগই বাসযাত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফাজিল খাঁর হাটে আনোয়ারাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।