পটিয়ায় বাস খাদে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে শীতাতপনিয়ন্ত্রিত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় শামীমা আকতার (২৮) নামের এক নারী নিহত ও আহত হন একই পরিবারের ছয়জন। তাঁরা ঢাকার পলাশীর বাসিন্দা। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া ক্রসিং হাইওয়ের ট্রাফিক পরিদর্শক (টিআই) মিজানুর রহমান বলেন, কক্সবাজার থেকে আসা চট্টগ্রামমুখী শীতাতপনিয়ন্ত্রিত একটি চেয়ার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। এ সময় একজন নিহত ও একই পরিবারের আরও ছয়জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাড়িটিতে নয়জন যাত্রী ছিল।
পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজু প্রসাদ দে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে শামীমা আকতারকে মৃত অবস্থায় এবং একই পরিবারের আরও ছয়জনকে আহত অবস্থায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সবাই কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন।