পটিয়ায় বাস-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও মিনিবাসের সংঘর্ষে এক নারীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার শাহগদি মার্কেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিঙ্গা গ্রামের হৃদয় রঞ্জন দাশ (৭৫), তাঁর স্ত্রী বাসন্তী চৌধুরী (৬০) ও তাঁদের মেয়ের জামাই শিবকর চন্দ্র দেব (৪৫)।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী। আহত লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা আবু ইউসুফ ওহীদুল্লাহ জানান, হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত ২৫ জন চিকিৎসা নিচ্ছেন। পরে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ের পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর এ বি এম মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে ঢাকাগামী হানিফ চেয়ার কোচের সঙ্গে চট্টগ্রাম থেকে পটিয়াগামী একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মিনিবাসের যাত্রী।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিনিবাসের যাত্রী শাহীন প্রথম আলোকে বলেন, হানিফ পরিবহনের ধাক্কায় মিনিবাস নিজের স্থান থেকে একটু দূরে ছিটকে যায়। শাহীন নিজেও আহত হয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।