পটিয়ায় বাসের ধাক্কায় ভগ্নিপতি-শ্যালক নিহত

চট্টগ্রামের পটিয়া পৌর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক। আজ শনিবার সকাল সোয়া আটটায় পৌর এলাকার কাগজীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসের চালককে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার মাহবুবুল আলম (৪৫) ও উত্তর আগ্রাবাদ এলাকার মোজাম্মেল হক (৩৬)। মোজাম্মেল হকের বড় বোনের স্বামী মাহবুবুল আলম।
নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দুজন মোটরসাইকেলে করে একটি মাহফিলে যোগ দিতে চট্টগ্রাম থেকে লোহাগাড়া যাচ্ছিলেন। চট্টগ্রামমুখী সুগন্ধা নামে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দিলে আরোহীসহ এটি সড়কে ছিটকে পড়ে। মারাত্মক আহত স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে বাস চালককে আটক করা হয়েছে। তাঁর নাম বেলাল উদ্দিন। তাঁর বাড়ি পটিয়ায়। বাসটিও জব্দ করা হয়েছে।