পটিয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম। তবে আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
মোহাম্মদ ইব্রাহিম গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি জন্মগতভাবেই বিএনপির সাথে জড়িত রয়েছি। বর্তমানসহ তিনবার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। দলের ত্যাগী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছি, ১ ডিসেম্বর পর্যন্ত আমার মনোনয়ন ঠিক ছিল। কিন্তু রাতের অন্ধকারে কিসের বিনিময়ে আমার নাম বাদ পড়েছে, তা আমি জানি না।’
চন্দনাইশ পৌরসভা বিএনপির সভাপতি নুরুল আনোয়ার মেয়র পদে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের কারণে তা জমা দেননি।
পটিয়া নির্বাচন কার্যালয় সূত্রে জানায়, পটিয়ায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, বিএনপি থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম, জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার, ইসলামী ফ্রন্টের আবু তাহের মোজাহেদী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম গতকাল মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পটিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দনাইশে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মাহবুবুল আলম, এলডিপি থেকে বর্তমান মেয়র মোহাম্মদ আয়ুব, ইসলামী ফ্রন্ট থেকে মো. আবদুল হাকিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জসীম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি বলে জানান চন্দনাইশ সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ।
চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে জোটগতভাবে চন্দনাইশের মেয়র পদটি এলডিপিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হওয়ায় বিএনপি থেকে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা হয়নি।