পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়উঠান এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল হোসেন (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবুল হোসেন দুবাইয়ে চাকরি করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম বলেন, এক সপ্তাহ আগে ছুটি নিয়ে দেশে আসেন আবুল হোসেন। গতকাল সকালে তিনি ঘরের বিদ্যুতের সুইচ ঠিক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবুল হোসেন দুই সন্তানের জনক বলে জানান তাঁর চাচাতো ভাই আবদুর রাজ্জাক।